আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আপনারা ২১ বছর ক্ষমতার বাইরে ছিলেন; তখন কি আপনারা পদত্যাগ করেছিলেন। আপনি বিএনপির নেতাদের পদত্যাগ করতে বলার কে?’
গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ‘বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুল মতীনেরর ২৭তম মৃত্যুবার্ষিকীতে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ‘বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান আরও বলেন, ‘২১ বছরে যারা পারে নাই, তারা ১৩ বছর নিয়ে সমালোচনা করতে পারে? আপনি ২২ বছর পরে বলবেন, আমরা ২১ বছরে পেয়েছি। আপনারা ২২ বছরে পারেন নাই।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘সরকার পতনের জন্য আমাদের ময়দানে লড়াই করতে হবে। লড়াইয়ে দেখবেন অনেকেই নতুন যুক্ত হবে, অনেকেই ঝরে যাবে। আবার অনেকেই লোভে পড়ে দালালি করবে, অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। তারপরে যারা সাচ্চা গণতান্ত্রিক, জনগণের পক্ষের শক্তি, তারা অবশিষ্ট থাকবে।’
