নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ ছাড়লেন বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। সোমবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পরে বিকেলে মোগরাপাড়া বাজারে ইউনিয়নবাসীর সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।
আরিফ মাসুদ বাবু বলেন, আমার বাবা সাজেদ আলী মিয়া সোনারগাঁ ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি সোনারগাঁও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দলীয় নৌকা প্রতীক পেয়ে র্দীঘ ১১ বছর সুনামের সঙ্গে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। দলীয় মনোনয়ন পাইনি দুঃখ নেই। ইউনিয়নবাসীর দাবীর কারণে আমি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিচ্ছি।
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন এ ইউনিয়নের নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি আশাবাদী। সোনারগাঁও উপজেলা ও নারায়নগঞ্জ জেলার প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা এখানে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন।
ইউনিয়নবাসীকে নির্ভয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবে।
