সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট : ১৭ মে ২০২২, ০৪:৪৭ পিএম

বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস)- এর প্রতিনিধি দল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলের দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ।

সাক্ষাতকালে কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য তাদের ধন্যবাদ জানান এবং সামরিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সোমবার সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেলসহ ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও ছিলেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ব্রাকের উচ্চপদস্থ কর্মকর্তারা।

২০ সদস্যের প্রতিনিধি দলটি ১৪ মে ঢাকায় পা রাখে, ২১ মে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত