চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট : ২১ মে ২০২২, ০২:২৭ এএম

চট্টগ্রামের আনোয়ারায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আবদুর রহিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই গৃহবধূ আনোয়ারা থানায় মামলা করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই নারী তার এক স্বজনকে নিয়ে পূর্ব পরিচিত আবদুর রহিমের মাধ্যমে চট্টগ্রাম নগর থেকে আনোয়ারার বটতলী হলিদিয়াপাড়ার এক কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান। সেখান থেকে কৌশলে আবদুর রহিম ওই নারীকে হলিদিয়াপাড়ার একটি সেচ পাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার পাঁচ সহযোগীও ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, এক গৃহবধূ থানায় ধর্ষণের অভিযোগ করার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার : সাভারের বনগাঁও ইউনিয়নে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে মো. শাকিব (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার নগরকোন্ডা এলাকার নিজ বাড়িতে গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শাকিব। এ ঘটনার পর ভুক্তভোগী ওই গৃহবধূ মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সহায়তায় শাকিবকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার রাতেই নগরকোন্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শাকিবকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কলেজছাত্র শাকিবকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত