বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের যন্ত্রশিল্পী (গ্রেড-৩) তুষার কান্তি সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সহকর্মীকে ‘যৌন হয়রানি’ করার অভিযোগে তাকে এই বরখাস্ত করা হয়।
গত ১৯ মে শিল্পকলা একাডেমির সচিব আছাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে সোমবার (২৩ মে) থেকে সাময়িক বরখাস্ত কার্যকর করার কথা বলা হয়েছে।
অফিস আদেশ বলা হয়েছে, তুষার কান্তি সরকার গত ১৯ মে বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের নীচতলার ওয়াশরুমে প্রবেশ করেন। এসময় তিনি পাশের আরেকটি ওয়াশরুমের দেওয়াল টপকে উপরে উঠে খোলা অংশ দিয়ে এক নারী সহকর্মীকে লক্ষ্য করে তাকিয়ে থাকেন। পরে ওই নারী সহকর্মী ঊর্ধ্বতন পর্যায়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন। এমন কর্ম ‘অত্যন্ত গর্হিত এবং আপত্তিকর আচরণ, যা অভিযোগকারীকে মারাত্মকভাবে মর্মাহত ও অপমান করে। এটি নৈতিক স্খলনেরও একটি চরম দৃষ্টান্ত, যা নারী নির্যাতনের পর্যায়ভুক্ত। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি এ ধরনের অশ্লীল কাজ করতে পারেন না। এটি জঘন্য অসদাচরণ এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ।'
এমন পরিস্থিতির আলোকে শিল্পকলা একাডেমির প্রবিধানমালার ৪৩(১) এবং ৩৭(খ) ধারা মোতাবেক তাকে ২৩ মে থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এই বিষয়ে অভিযোগকারী নারী দেশ রূপান্তরকে বলেন, এটি আমাদের অফিশিয়াল বিষয়, তাই গণমাধ্যমে এখন কোনো মন্তব্য করবো না।
সাময়িক বরখাস্ত হওয়া তুষার কান্তি সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
