হরিরামপুরে ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলা

আপডেট : ২৫ মে ২০২২, ১২:১৯ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা পোদ্দার বাড়ি আঙিনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী ও ২০তম ঘুড্ডি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার হতে ২৭ মে (শুক্রবার) পর্যন্ত এই ৩ দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলার আয়োজন করেছে স্থানীয় জাতীয় লোক সাহিত্য সংগ্রহ ও গবেষণা কেন্দ্র।

কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী আজ বুধবার। বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন তিনি। ডাকনাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

আয়োজক কমিটির সূত্রে জানা যায়, ২০ বছর পূর্বে এই ঘুড্ডি মেলার আয়োজন করেন স্থানীয় প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার ও নির্দেশক, জাতীয় লোক সাহিত্য সংগ্রহ ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবু রঞ্জন সাহা।

বছর কয়েক আগে তার মৃত্যুতে গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী মেলাটি অনেকটাই ঝিমিয়ে পড়ে। কিন্তু চলতি বছরে স্থানীয় কিছু তরুণ সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে মেলাটি পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে এই আয়োজন করেন সংগঠনটির সাবেক সদস্যসচিব এবং বর্তমান আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ রইস উদ্দিন।

নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলা উপলক্ষে বুধবার সকাল আটটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। এরপর জাতীয় সংগীত এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করা হয়।

তিন দিনব‍্যাপি মেলার অনুষ্ঠান সূচিতে রয়েছে- শিশু-কিশোরদের নজরুল ও ঘুড্ডি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘুড্ডি উড়ানো, বিভিন্ন ক্যাটাগরিতে কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ও নজরুল নৃত্য প্রতিযোগিতা।

এছাড়াও রয়েছে নজরুল সম্পর্কিত আলোচনা সভা, লেটো গান (যাত্রাপালা রহিম রূপবান)।

মেলার শেষ দিন শুক্রবার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণীসহ রয়েছে তরুণ কণ্ঠশিল্পী ফকির সাহেবের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মামুন চৌধুরী জানান, ‘এ অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর একটি প্রাণের মেলা ছিল এই নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলা। এটিকে পুনরায় জাগিয়ে তুলতে কিছু তরুণ সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আমরা আবার একযোগে কাজ করছি।’

কমিটির আহ্বায়ক সৈয়দ রইস উদ্দিন বলেন, এই মেলার জনক এই অঞ্চলের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার ও জাতীয় লোক সাহিত্য সংগ্রহ ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা বাবু রঞ্জন সাহা।

তিনি আজ আমাদের মাঝে নেই। তার এই প্রতিষ্ঠান ও মেলাটির ধারাবাহিকতা বজায় রাখতে সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতায় এই আয়োজন। এটি যেন চলমান রাখতে পারি, সে জন্য আমি সকলের সহযোগিতা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত