রাজধানীতে পৃথক ঘটনায় ডাবের পানি পান করে কলেজশিক্ষক ও এক শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তারা হলেন সাভার মডেল কলেজের প্রভাষক মো. আবু নোমান (৫০) ও নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম সুমন (২৩)। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। প্রভাষক আবু নোমানের পরিচিত রাকিব তালুকদার দেশ রূপান্তরকে জানান, আবু নোমান সাভার কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক। স্ত্রী ও পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন।
সকালে তিনি কলেজে গিয়েছিলেন। দুপুরের পর সাভার-বাড্ডা রোডের রইস পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। এর আগে সাভার থেকে আরেক ব্যক্তির সঙ্গে মিলে ডাব কিনে খান। এরপর বাসে অচেতন অবস্থায় দেখতে পান স্টাফরা। অচেতন অবস্থায় তাকে গাবতলী মাজার রোডে নামিয়ে রেখে তার মোবাইল থেকে স্বজনদের খবর দেওয়া হয়।
এদিকে, রফিকুল ইসলাম সুমন জানান, তার বাসা যাত্রাবাড়ী দোলাইরপাড়। তুলারাম কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র তিনি। বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে অনাবিল বাসে করে দোলাইরপাড় ফিরছিলেন। বাসে ওঠার আগে রাস্তার পাশ থেকে তিনিও একটি ডাব কিনে খান। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল বিশ্বাস জানান, খবর পেয়ে দোলাইরপাড় কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তার সঙ্গে থাকা সামান্য কিছু টাকা ও মোবাইল ফোনটি খোয়া গেছে বলে জানা গেছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
