বয়স ৭০। এখনও পর্যন্ত পাঁচবার বিয়ে করেছেন। এখন সঙ্গে থাকেন দুই স্ত্রী। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেমিক মানুষ। কিন্তু তাই বলে ভরা আদালতে তিনি নিজেকে ‘মজনু’ বলে পরিচয় দেবেন!
খানিকটা অবাক করার মতো হলেও এমনটাই ঘটেছে। ভরা আদালতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘আমি তো মজনু মানুষ’। যদিও এই মজনু কথার অর্থ প্রেমিক নয়। এই মজনু কথার অর্থ হিসাবে তিনি নিজেকে ‘পাগল’ বা ‘মূর্খ’ বলে বোঝাতে চেয়েছেন।
আসলে, এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার দুই ছেলের বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগে মামলা চলছে। যে মামলায় শনিবারই পাকিস্তানের বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন শাহবাজ।
তার ছেলে তথা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হামজা চৌধুরীও এদিন হাজিরা দেন। শরিফের আরেক ছেলে অবশ্য পলাতক। তিনি ব্রিটেনে কোথাও আছেন বলে খবর। সেই মামলায় আদালতে হাজিরা দিয়েই নিজেকে মজনু বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ঠিক কী বলেছেন শাহবাজ শরিফ? পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি গত সাড়ে ১২ বছর সরকারি পদে থাকাকালীন সরকারের কাছ থেকে কিচ্ছু নিইনি। এমনকী আমি নিজের পকেট থেকে সরকারি গাড়িতে তেল ভরিয়েছি’।
এরপরই শাহবাজ শরিফ বলে বসেন, ’আমাকে তো আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়েছেন। নাহলে আমি মজনু। প্রধানমন্ত্রী হওয়ার পরও আমি কোনও আইনি সহায়তা নিইনি। কোনও বেতন নিইনি কোনও রকম সরকারি সুযোগ সুবিধা নিইনি’।
শরিফের দাবি, তিনি সরকারের কাছ থেকে তো কিছুই নেননি, উলটো তার নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের জেরে তার পরিবারের প্রায় ২০০ কোটি টাকার লোকসান হয়েছে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীনই শাহবাজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলাতেই এখনও নাকানিচোবানি খেতে হচ্ছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পরিবারকে।
