সম্রাটের জামিন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি ৬ জুন

আপডেট : ৩০ মে ২০২২, ০২:২৭ পিএম

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদনের শুনানির জন্য আগামী ৬ জুন দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন।

আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এর আগে গত ২৩ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার কোর্ট।

গত ১৮ মে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

সে অনুযায়ী সম্রাট আত্মসমর্পণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হল- অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা একটি। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত