আপত্তিকর ভিডিও ভাইরাল, হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলার নির্দেশ

আপডেট : ০১ জুন ২০২২, ০২:৫৩ পিএম

আপত্তিকর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ ও যৌন হয়রানির সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় হাসপাতালের মালিক মিজান মুন্সি ও আসাদুজ্জামানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আমলী অঞ্চল রায়পুর সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারেক আজিজ এ আদেশ দেন।

এতে আগামী ৫ কার্য দিবসের মধ্যে এফআইআর রুজু করে তা সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার জন্য রায়পুর থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়।

লক্ষ্মীপুর আদালতের একটি সূত্র দেশ রূপান্তর কে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ থাকে যে, দীর্ঘদিন ধরে নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মিজান মুন্সি ও ডা. আসাদুজ্জামানসহ কয়েকজন মিলে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সেকশনে কর্মরত নারী কর্মীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আপত্তিকর কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে প্রকাশ হয় সংবাদ।  এ সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ প্রদান করেন।

ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ৬৫ বছর বয়সী মিজান মুন্সি হাসপাতালের এক নারী কর্মীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর কাজ করার চেষ্টা করেছেন। ওই নারী বিব্রতবোধ করে বার বার তাকে বাধা দিচ্ছেন।

এ নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী মিজান মুন্সির কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ‘যা ইচ্ছে তাই’ করতে বলেন। এ ছাড়া হাসপাতালের অন্য নারী কর্মীরাও গণমাধ্যমের কাছে একই অভিযোগ করেছেন মিজান মুন্সির বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই নার্স সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালের মালিক মিজান মুন্সি শুধু তার সঙ্গে নয়, সবার সঙ্গেই এমন করেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, বিজ্ঞ আদালতের নির্দেশনা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে পেলে আমাদের কার্যক্রম শুরু করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত