নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে এক নারীকে প্রলোভনে ফেলে তার অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে চাঁদার দাবির অভিযোগে আবদুল কাদের কবির (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
গতকাল বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আবদুল কাদের কবিরের বাড়ি কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামে।
পুলিশ জানায়, কবির দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ের প্রলোভন ও তার ভাইকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোট ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরইমধ্যে সে মোবাইল ফোনে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। কাদের প্রতারক বুঝতে পেরে ওই নারী তার টাকা ফেরত চান। এসময় কাদের তার মোবাইল ফোনে থাকা অশ্লীল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ মে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।
