মস্তিষ্কের ইনফেকশন জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মেধাবী শিক্ষার্থী সায়মা বিনতে রহমান। সে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ৭৯তম ব্যাচের শিক্ষার্থী।
বুধবার বিকেল ৬টা ২০ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যু হয় তার।
সায়মার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাশিয়া উপজেলায়। দুই ভাই-বোনের মধ্যে বড় মেয়ে সে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ভর্তি হয়। এ পর্যন্ত একটি মাত্র সেমিস্টারের রেজাল্ট হয় ব্যাচটির, যেখানে প্রথম বর্ষেই সিজিপিএ-৪ এ ৪ পায় সে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে থাকা অবস্থায় রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরে সায়মা। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
শেকৃবির এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
