পুতে রাখা স্ত্রীর মরদেহ উদ্ধার, জিডি করতে গিয়ে স্বামী আটক

আপডেট : ০৪ জুন ২০২২, ০৬:৩৪ পিএম

তিন দিন ধরে নিখোঁজ স্ত্রী। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান স্বামী। কথায় অসঙ্গতি দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশ। পরে বেরিয়ে আসল ঘটনা। স্ত্রী নিখোঁজ নন বরং স্বামী নিজেই তাকে হত্যা করে মাটিতে পুতে রেখেছে। পুলিশ গিয়ে গৃহবধূ মিলি আক্তারের মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহিম কুটিয়ালপাড়া এলাকায়। হত্যাকাণ্ডের তিনদিন পর আজ শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মানিক মিয়াকে সঙ্গে নিয়ে থানায় জিডি করতে আসেন মিলির বাবা আশাদ আলী। এসময় সন্দেহভাজন আচরণে পুলিশের জিজ্ঞাবাসাদে স্ত্রীকে হত্যার ঘটনায় আটক হন স্বামী মানিক মিয়া।

পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত গৃহবধূ মিলি আক্তার মানিক মিয়ার প্রথম স্ত্রী। তিনি স্থানীয় সৈয়দপুর বাজারের একটি হোটেলে কাজ করতেন। গত ১ জুন বুধবার রাত ১১টা দিকে হোটেল থেকে বাড়ি যাওয়ার পথে মিলি নিখোঁজ হন।

 নিখোঁজের তিন দিন পর পুতে রাখা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত