প্রেমের টানে গাজীপুরে এসে প্রেমিকাকে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের যুবক, তার আগে হয়েছেন ধর্মান্তরিত। বর রাইয়ান কফম্যান (৩৫) আমেরিকার মিশৌরি রাজ্যের কানসাস সিটির নাগরিক এবং কনে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়ার বাসিন্দা সাইদা ইসলাম (২৬)।
বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ ওই যুবক স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সংসার করতে চান। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষ হলেই স্ত্রীকে নিয়ে ফিরবেন নিজ দেশে।
সাইদার স্বজনদের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে রাইয়ান বলেন, ‘তারা খুবই অতিথিপরায়ণ। আমেরিকায় অচেনাদের সঙ্গে কেউ খুব একটা কথা বলে না। কিন্তু বাংলাদেশে আসার পর দেখছি আমার প্রতি সবাই খুবই আন্তরিক। আমার ক্ষুধা না লাগতেই লোকজন আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন, আদর-আপ্যায়ন করেন। এ রকম আমার দেশে বিরল।’ রাইয়ান কানসাসের একটি প্লাস্টিক কারখানায় অপারেটর পদে কাজ করেন। তার পরিবারে বাবা-মা ও এক ভাই আছেন।
মানবিকে স্নাতক সম্পন্ন করা সাইদা জানান, ২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে রাইয়ান কফম্যানের সঙ্গে পরিচয়। এরপর নিজেদের ফোন নম্বর ও ঠিকানা বিনিময়। হতে থাকে নিয়মিত যোগাযোগ। ফোনে ও ভিডিও কলে কথা বলতে বলতে নিজেরা আরও ঘনিষ্ঠ হন। এভাবে কথা বলতে বলতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করার। রাইয়ান বিয়ে করার জন্য যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার ও সাইদার পরিবারের সম্মতিতে এ বছরের ২৯ মে বাংলাদেশে পৌঁছান। এদিনই দুজনের প্রথম সামনাসামনি দেখা হয়। ১ জুন সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।
