সামরিক প্রশিক্ষণের জন্য আফগানিস্তানের সেনাসদস্যদের ভারতে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির প্রভাবশালী প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। তিনি জানিয়েছেন, এতে কোনো সমস্যা নেই তাদের। আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব সশস্ত্র কট্টরপন্থি গোষ্ঠী তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে এবং তাকে আফগানিস্তানের ক্ষমতার কেন্দ্রে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয়।
গত বছর আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় সশস্ত্র এ গোষ্ঠীটি। এরপর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আফগানিস্তান শাসন করছে তারা। যদিও বিশ্বের কোনো দেশ থেকেই এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি তারা। সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ভারতের টিভি চ্যানেল নিউজ১৮-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী। মূলত তালেবান তাদের সেনা অফিসারদের সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাতে ইচ্ছুক কি না জানতে চাওয়া হলে মোল্লা ইয়াকুব বলেন, ‘হ্যাঁ, আমরা এতে কোনো সমস্যা দেখি না। আফগান-ভারত সম্পর্ক জোরদার হবে এবং এর মাধ্যমে শক্তিশালী সম্পর্কের ভিত্তিও তৈরি হবে।’ আফগানিস্তানের বর্তমান সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রাখতে চায় কি না জানতে চাইলে তিনি বলেন, ভারতসহ সব দেশের সঙ্গে তালেবান শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়।
