নারায়ণগঞ্জে চলন্ত সিএনজিতে গৃহবধূকে শ্লীলতাহানি

আপডেট : ০৮ জুন ২০২২, ০২:১১ পিএম

নারায়ণগঞ্জের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে কাবিনের টাকা দিতে এসে চলন্ত সিএনজিতে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (৭ জুন) ফতুল্লা মডেল থানায় দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে পারিবারিক সম্মতিক্রমে ঝালকাঠি জেলার নলছিটি থানার সূর্যপাশা থানার আব্দুর রশিদ খানের পুত্র আরিফ হোসেন খানের (৩৪) সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বাদি স্বামীর গ্রামের বাড়িতে বসবাস করে এবং স্বামী ঢাকার যাত্রাবাড়ী থানায় মাতুয়াইল এলাকায় বসবাস করে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। গত দুই বছর পূর্বে বাদির স্বামী ফতুল্লা মডেল থানার উত্তর চাষাড়ার সেকান্দার মোল্লার মেয়ে মামলার এজাহারনামীয় আসামি মনি আক্তারকে (২৪) বিয়ে করে। বিষয়টি নিয়ে বাদির সাথে তার স্বামীর মন-মালিন্যের পাশাপাশি রাগ-অভিমান চলে আসছে।

এমতাবস্থায় বাদি তার সতীন মনি আক্তারের সাথে মেবাইল ফোনে যোগাযোগ করে স্বামীকে তালাক প্রদান করার পরামর্শ এবং অনুরোধ করেন। অভিযুক্ত মনি আক্তার বাদিকে মোবাইল ফোনে জানায় যে, বিয়ের কাবিন নামার টাকা প্রদান করলে সে বাদির স্বামীকে তালাক দেবে। গত ২৭ মে বেলা এগারোটার দিকে বাদি তার ছোট মেয়েকে সাথে করে গ্রামের বাড়ি থেকে রওনা দিয়ে মনি আক্তারের কথা মতো সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এসে পৌঁছায়। তখন মনি আক্তার সেখান থেকে চাষাড়া যাওয়ার জন্য একটি সিএনজি গাড়ি ভাড়া করে। সিএনজিতে চড়তে গেলে অভিযুক্ত মনি আক্তারের সাথে আসা পাগলার মজনু আহম্মেদের পুত্র মিশাইল আহম্মেদ (৩০) সেই সিএনজিতে উঠে। চাষাড়া আসার পথে মনি আক্তারের সহোযোগিতায় সিএনজির ভেতরে থাকা মিশাইল বাদির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং সিএনজি নিয়ে বিভিন্ন যায়গায় ঘোরাতে থাকে। এক পর্যায়ে বাদিকে কু-প্রস্তাব দেয়।

সিএনজি মহাসড়ক থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা-আলীগঞ্জ এলাকায় গেলে বাদি কৌশলে সিএনজি থেকে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে নামিয়ে দিয়ে অভিযুক্ত মিশাইল ও সতীন মনি আক্তার সিএনজি যোগে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, মামলা হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত