জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের গঠিত একটি স্বাধীন কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২১ সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর এই কমিশন গঠন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য যে ভূমি চান, সেই জমিতে দখলদারিত্ব অবসান ছাড়াও ইসরায়েলকে আরও বেশি কিছু করতে হবে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘কেবল দখলদারিত্ব অবসানই যথেষ্ট হবে না।’ ফিলিস্তিনিদের সমান মানবাধিকার নিশ্চিত করতে ইসরায়েলকে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এতে। প্রতিবেদনে প্রমাণ উদ্ধৃত করা হয়েছে যে, ইসরায়েলের ‘দখলদারিত্ব অবসানের কোনো ইচ্ছা নেই’। ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রাখছে। ১৯৬৭ সালের যুদ্ধের পর এসব এলাকা দখল করে ইসরায়েল। পরবর্তী এই দখলদারিত্ব সম্প্রসারণ করা হয়।
