আদি বুড়িগঙ্গার পুনঃখনন কাজ শুরু জুনেই

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:১৫ এএম

দখলমুক্ত করে এ মাসেই আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনঃখনন কাজ শুরু করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে নগরীর কালুনগর কোম্পানীঘাট সøুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জনান।

মেয়র তাপস বলেন, ‘আদি বুড়িগঙ্গা পুনঃখনন কার্যক্রমের দরপত্র সম্পন্নের প্রক্রিয়ায় রয়েছে। আমরা আশাবাদী, এ মাসের মধ্যেই এটা উদ্বোধন করতে পারব। এখানে যত রকম দখল রয়েছে; বড় কারখানা বলেন কিংবা ব্যক্তিগত দখল বলেন; সব দখলমুক্ত করে আমরা পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনঃখননের কাজ আরম্ভ করব।’

আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে প্রভাবশালী দখলদারদের উচ্ছেদে কোনো বাধা অনুভব করছেন কিনা গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ একর জমি অবমুক্ত করেছি। আপনারা লক্ষ করেছেন, খালের মুখ যেখানে ১০০ ফুট ছিল সেগুলো দখল করে তা ৮ ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। আমরা সেগুলো দখলমুক্ত করেছি। অবৈধভাবে নির্মিত দশতলা ভবনও আমরা ভেঙে ফেলেছি। সুতরাং যখন আমরা শুরু করব, ইনশাআল্লাহ, এখানেও বাধাপ্রাপ্ত হওয়ার কোনো কারণ থাকবে না।’ তিনি বলেন, ‘আমরা পুরোটাই দখলমুক্ত করে, অবমুক্ত করে, পূর্ণাঙ্গরূপে আদি বুড়িগঙ্গাকে আগের অবস্থানে নিয়ে আসব, নান্দনিক পরিবেশ সৃষ্টি করব।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।॥

×
সর্বশেষ সর্বাধিক পঠিত