স্কুলের সামনে থেকে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা অটোচালকের

আপডেট : ০৯ জুন ২০২২, ০৬:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে স্কুলের সামনে থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মো. আলাউদ্দিনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে সীতাকুন্ডের ইকো পার্কে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার আলাউদ্দিন কুমিরার রহমতপুর এলাকার আবুল বশরের ছেলে।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল ১২টার দিকে ওই ছাত্রীকে বাবা ডাকার কথা বলে স্কুলের সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে নেন আলাউদ্দিন।

পরে তাকে সেখান থেকে সিএনজিতে করে ইকোপার্কে নিয়ে গিয়ে ওয়াচ টাওয়ারের পশ্চিম দিকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় আতঙ্কিত হয়ে ওই ছাত্রী চিৎকার দিলে পার্কের স্টাফ রবিউল তার শব্দ শুনতে পান। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ইকো পার্কে স্টাফ রবিউল থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনকে পুলিশ আটক করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সীতাকুন্ড থানায় মামলা করেছেন। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত