নির্বাচন নিয়ে কোনো কূটকৌশল করতে পারবেন না: সিইসি

আপডেট : ০৯ জুন ২০২২, ০৯:২২ পিএম

নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা প্রকৃত অর্থে নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবু আউয়াল।  

নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো কূটকৌশল করতে পারবেন না।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করে। 

সিইসি আরো বলেন, নির্বাচনে প্রতিযোগিতা প্রত্যাশিত, অংশগ্রহণ প্রত্যাশিত। বিরোধী দলগুলোকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে সিইসি বলেন, ধরুন দুই শ বা আড়াই শ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলে হয়তো সরকার গঠন হবে, কিন্তু সেটার ন্যায্যতা (লেজিটিমেসি) অনেক কমে যাবে।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন স্বচ্ছ হতে হবে। নির্বাচন নিয়ে কোনো কূটকৌশল করতে পারবে না। যদি নির্বাচনকে আড়াল করার জন্যে ইন্টারনেট ব্ল্যাক আউট করে থাকে তাহলে আামদের তরফ থেকে স্পষ্ট করে বক্তব্য থাকবে যে সেটা টলারেট করা হবে না।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশের জন্য নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ আয়োজন করছে। গত ১৩ মার্চ শুরু হওয়া এই সংলাপের পঞ্চম দফায় তারা পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেন।

ইসি এর আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে। আগামী ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ করবে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত