প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছে সাপ্তাহিক পত্রিকা ‘সময় পূর্বাপর’। গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন হয়।
বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে র্যালির মধ্য দিয়ে আয়োজনটির সূচনা হয়। পরে অনন্যা ওয়াফি রহমানের নৃত্য পরিবেশনার মাধ্যমে মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন অনুবাদক আলী আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি কামাল চৌধুরী। আরও বক্তব্য দেন কবি মাসুদুজ্জামান, কবি শামীম রেজা, কবি ফরিদ আহমেদ দুলাল। সভাপতিত্ব করেন ‘সময় পূর্বাপর’-এর প্রধান সম্পাদক কবি ফারুক মাহমুদ এবং সঞ্চালনা করেন পত্রিকাটির সম্পাদক হাসান মাহমুদ।
বক্তারা বলেন, চার বছরের পথ চলেছে ‘সময় পূর্বাপর’। মানুষের ভালোবাসায় ভর করে আরও দীর্ঘ পথ হাঁটবে পত্রিকাটি।
কবি ফরিদ আহমেদ দুলাল বলেন, ‘আমি ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছি, মূলত পত্রিকাটির বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে।’
আলোচনা অনুষ্ঠানের পর কবিকণ্ঠে কবিতা পাঠের আয়োজন করা হয়। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিল্পীরা। সংগীত পরিবেশন করেছেন ইয়াসমিন মুশতারী, ছায়া কর্মকার, পারিশা বিনতে রহমান, টুম্পা দাস ও পুনম মিত্র।
