বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম। তিনি তার রাজনীতির শুরু থেকে আজও পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে।’
সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আজকে তাকে দরকার আমাদের। তাকে পাশে পেলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে। সে কারণে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তাই তার মুক্তির জন্য সরকারকে বাধ্য করতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গণতন্ত্র ফিরে এসেছে, খালেদা জিয়ার হাতে গণতন্ত্র ফিরে এসেছে এবং আজ বন্দি থাকলেও, অসুস্থ থাকলেও তারই সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সে জন্য শহীদ জিয়া যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, দেশনেত্রী যেভাবে ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকেও সেভাবে ত্যাগ স্বীকার করতে হবে।’
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেন দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং একটি দায়িত্বশীল সরকার আসে। তাই আমাদের একটি লড়াই করতে হবে। কৃষকদল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে ভূমিকা রাখবে এবং আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবো।’
কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
