ক্লাস থেকে ডেকে মারল ছাত্রলীগ, সরকারবিরোধী পোস্ট দেবে না মর্মে ছাড়ল পুলিশ

আপডেট : ১৩ জুন ২০২২, ০৬:৫৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্লাসরুম থেকে ডেকে এনে মারধর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার দুপুর ১টার দিকে প্রকৌশল অনুষদের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের নেতা বলে জানায় পুলিশ।

তাকে প্রক্টর অফিসে আটকে রেখে পুলিশে দেওয়া হয়। পরে থানা থেকে ছাড়া পেয়ে এক ফেসবুক পোস্টে আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তামজিদ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বিজয়’ গ্রুপের দুজন কর্মী দুপুর সাড়ে ১২টার দিকে তামজিদকে ক্লাসরুম থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর সাত থেকে আটজন নানা জিজ্ঞাসাবাদ ও গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তামজিদকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান তারা।

তামজিদ নোয়াখালীর হাতিয়া উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, প্রক্টর কার্যালয়ে তামজিদকে তিন ঘণ্টা আটকে রাখার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এরপর তামজিদ ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্র অধিকারসহ সব ধরনের রাজনীতি থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দেন।

জানতে চাইলে ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, তামজিদ বিভিন্ন সময় ফেসবুকে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে নানা উসকানি ও কটূক্তিমূলক পোস্ট দিয়ে আসছেন। তাকে এ নিয়ে সতর্ক করা হচ্ছিল। কিন্তু তামজিদ ছাত্রলীগের নেতাকর্মীদের কথা শোনেননি। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, এক ছাত্রকে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে তিনি অপর একটি বৈঠকে থাকায় বিষয়টি সহকারী প্রক্টররা দেখছিলেন।

সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা তামজিদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক মহিউদ্দিন সুমন বলেন, ভবিষ্যতে আর এ ধরনের পোস্ট দেবেন না শর্তে তামজিদ উদ্দিনের কাছ থেকে মুচলেকা নিয়ে বিকেল ৪টায় ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত