পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি: রিটার্নিং কর্মকর্তা

আপডেট : ১৫ জুন ২০২২, ০৩:০০ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী বলেছেন, পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি। তবে ধীরগতি নিয়ে অভিযোগ করছেন কক্ষের সামনে। 

বুধবার রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শায়েদুন্নবী চৌধুরী বলেন, ধীরগতির কথা যেটা বললেন, সেটা একজন ভোটার তিনটা পদে ভোট দেন, প্রথম প্রথম একটু হয়তো চিন্তা করেন যে কীভাবে ভোট দেবেন। এ জন্য একটু ধীরগতি হতে পারে। 

ফিঙ্গার মিলছে না এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় আঙ্গুলের রেখার কারণে এমনটা হয়। এইগুলো এক আধটু হতে পারে।‌ এর মধ্যেই আমরা চালিয়ে যাবো। প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। 

ইভিএম ডিভাইস সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বলেন, ইভিএম সবগুলো ঠিকঠাক কাজ করছে এ রকম নয়। আমাদের মোবাইল কারিগরি টিম আছে তারা সমস্যা গুলো সমাধানের চেষ্টা করছেন। মেজর কোনো অভিযোগ আমরা পাইনি। একটু অনভ্যস্ততার কারণে এ রকম হতে পারে। 

তিনি বলেন, সর্বশেষ পরিস্থিতি বলেন বা সার্বিক পরিস্থিতি বলেন আমি তো মনে করি শান্তিপূর্ণ আছে। আমি পোলিং এজেন্টদের জিজ্ঞেস করেছি ওনারাও আমাকে নিশ্চিত করেছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। সব প্রার্থী কিন্তু এজেন্ট দেন নাই। কোনো কোনো মেয়র প্রার্থী ওনারা এজেন্ট দেননি।

ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ফাঁকা কিন্তু বাইরে বড় লাইন। অনেক ভোটার ঘণ্টার পর ঘণ্টা কেন্দ্রের সামনে দাঁড়িয় থেকে ভোট দিতে পারছেন না। প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, ইভিএমে অনভিজ্ঞতার কারণে কিছুটা স্লো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত