এ বছরে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৩১০ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বাল্যবিয়ের কারণে এ পরিস্থিতি বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
আগামী ১৯ জুন থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র জানান, আগামী ১৯ জুন রবিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যশোর বোর্ডে এ বছর মোট ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী অংশ নেবে।
গত বছর ২০২১ সালে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৮১ হাজার ৬৮৭ পরীক্ষার্থী। সেই হিসেবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১১ হাজার ৩১০ জন।
তিনি বলেন, করোনার কারণ ছাড়াও কিছু অসচেতন অভিভাবকদের কারণে মেয়েদের বিয়ে হওয়ায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে বলে আমরা মনে করছি। এর বাইরেও নানা কারণে অনেক শিক্ষার্থী সময় মতো ভর্তি হয়নি বলেও জানান।
শিক্ষা বোর্ড থেকে আরও জানা গেছে, এ বছরের ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮৫ হাজার ৫৯৯ জন ও ছাত্রী ৮৪ হাজার ৭৭৮ জন। মোট পরীক্ষার কেন্দ্র ২৯৩টি। এর মধ্যে খুলনায় ৫৮টি কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ৮ জন পরীক্ষার্থী। বাগেরহাটের ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ২৮৭ পরীক্ষার্থী, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৭০ পরীক্ষার্থী, কুষ্টিয়ার ৩১ কেন্দ্রে অংশ নেবে ২৪ হাজার ১৫৩ পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার ১৮ কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ১২২ পরীক্ষার্থী, মেহেরপুরের ১৩ কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৭২৪ পরীক্ষার্থী, যশোরের ৫২ কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ পরীক্ষার্থী, নড়াইলের ১৪ কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ১৯৩ পরীক্ষার্থী, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৯০৩ পরীক্ষার্থী এবং মাগুরার ১৭ কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৮৬৫ পরীক্ষার্থী।
