‘ফোন কলে কুমিল্লা সিটি নির্বাচনের ফল পাল্টে গেছে, এ অভিযোগ ঠিক নয়’

আপডেট : ১৬ জুন ২০২২, ০৫:৫৫ পিএম

কোনো ফোন কলে কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল পাল্টে গেছে, এ অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। 

তিনি জানান, ওই সময়ের পরিস্থিতি নিয়ে তিনি সিইসি, ডিসি ও এসপির সঙ্গে কথা বলছিলেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল ঘোষণার সময় দুই পক্ষের নেতাকর্মী ও অনুসারীদের মুখোমুখি অবস্থানের কারণে তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি সম্পর্কে আমি ফোনে কথা বলছিলাম সিইসি, ডিসি ও এসপির সঙ্গে। অন্য কারো ফোন আসেনি। একটি ফোনের কারণে ফলাফল ম্যানিপুলেশন হয়েছে, একজন প্রার্থী পক্ষ থেকে যে ইঙ্গিত করা হচ্ছে, সেটা ঠিক নয়।’

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ফল ঘোষণার শেষ সময়ে এসে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে। ফল ঘোষণার আগে দুই প্রার্থীরই জয়ী হওয়ার গুজব ছড়িয়ে এ হট্টগোল হয়। এ হট্টগোলের কারণে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে আরফানুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। মনিরুলের চেয়ে ৩৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী দেখানো হয়েছে আরফানুলকে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোট গ্রহণকালে বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চলে যায়। এ ছাড়া চারটি কেন্দ্রের ফল আসতে দেরি হয়েছে। এ কারণে প্রিসাইডিং কর্মকর্তাদের ফল তৈরিতে বিলম্ব হয়েছে। পাশাপাশি দুই পক্ষের নেতাকর্মী ও অনুসারীদের মুখোমুখি অবস্থানের কারণে ফলাফল ঘোষণায় দেরি হয়েছে। 

তিনি বলেন, ফলাফল ঘোষণার একপর্যায়ে সেখানে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও তার নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে সেখানে আরেকজন মেয়র প্রার্থীর অনুসারীরাও চলে আসেন। স্লোগানের কারণে কেউ কারও কথা শুনতে পাচ্ছিল না। এসব কারণেই মূলত ফলাফল ঘোষণা বিলম্ব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত