অস্ট্রেলিয়ায় জ্বালানি সংকটের মুখে নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাড়িগুলোতে আলো নিভিয়ে রাখার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। এ রাজ্যেই আছে দেশটির বৃহত্তম সিডনি নগরী। গতকাল বৃহস্পতিবার জ্বালানিমন্ত্রী বলেন, বিকল্প ব্যবস্থা থাকলে মানুষের প্রতিদিন সন্ধ্যায় দুই ঘণ্টা বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখা উচিত।
বিবিসি জানায়, মূল্যবৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার প্রধান পাইকারি বিদ্যুতের বাজার স্থগিত হওয়ার পর এ আহ্বান জানানো হয়েছে। মন্ত্রী ক্রিস বোয়েন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের যতটুকু সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন।
ক্যানবেরায় টিভিতে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো কিছু কখন চালাবেন সে সম্পর্কে আপনার যদি অন্য কোনো উপায় থাকে তবে সেগুলো ৬টা থেকে ৮টা (সন্ধ্যা) পর্যন্ত চালাবেন না।’
