ঢাবির বাজেট ঘোষণা

গবেষণায় বরাদ্দ ১ দশমিক ৬৩ শতাংশ

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:২০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ অর্থবছরে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মূল বাজেটের ১ দশমিক ৬৩ শতাংশ অর্থাৎ ১৫ কোটি ৫ লাখ টাকা গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন।

বাজেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ জানান, ২০২২-২৩ অর্থবছরের জন্য উপস্থাপিত বাজেটে সর্বমোট অর্থের মধ্যে ৭৮১ কোটি ৯৪ লাখ টাকা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) থেকে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা। এ হিসেবে এবারের বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ৬ দশমিক ২৪ শতাংশ।

উত্থাপিত বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে সিনেট সদস্য এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া গবেষণা খাতে বরাদ্দ কম হওয়ার বাজেটের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের এবারের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ মাত্র ১ দশমিক ৬৩ শতাংশ। এই আকার প্রাক্তন শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট হিসেবে আমাদের জন্য লজ্জার। এ বিষয়টির দিকে আমাদের নজর দেওয়া দরকার।’

এ সময় শিক্ষকদের গবেষণা ক্ষেত্রে সুযোগ বাড়ানোর লক্ষ্যে অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা বছরে তিন সেমিস্টার করে নেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘আমি নিজে নর্থ আমেরিকায় পড়েছি। আমি কোথাও ছয় মাসে সেমিস্টার দেখিনি। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ মাসে একটি সেমিস্টার কাভার করা হয়। এতে বছরে তিনটি সেমিস্টার থাকে। শিক্ষকরা দুই সেমিস্টার ক্লাস নেয়। বাকি এক সেমিস্টার নিজের গবেষণা নিয়ে কাজ করেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩-এর ২১ ধারার ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এই বার্ষিক অধিবেশন আহ্বান করেন। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বাজেট অধিবেশনের শুরুতে করোনায় মারা যাওয়া ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত