জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু এ দেশের নয়, সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক। যিনি আজীবন এই গতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজও সেই গণতন্ত্রের জন্য তিনি ত্যাগ স্বীকার করছেন।’
শুক্রবার মালিবাগ বাজার এলাকায় জামিয়া শারইয়্যাহ মাদরাসায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় মাদ্রাসার ৫ শতাধিক এতিম ছাত্রের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন যুবদল নেতারা।
টুকু বলেন, ‘এই স্বৈরাচারী সরকারের রোষানলে বিনা অপরাধে, ষড়যন্ত্রের মামলায় বেগম জিয়াকে সাজা দেওয়া হয়েছে। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আওয়ামী লীগের প্রতিহিংসায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘এ দেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে যেমন জিয়াউর রহমান আজীবন স্থান করে নিয়েছেন, তেমনি খালেদা জিয়াও তাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। এবারো এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারকে সাধারণ মানুষ টেনেহিঁচড়ে নামাবে। আমরা সেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘এ সরকারের আমলে কোনো ধর্মের মানুষ শান্তিতে নেই। বড় বড় আলেমদের অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছে। তাদের রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে। মিথ্যা অপবাদ দিয়ে চরিত্রহনন করেছে। আওয়ামী লীগের কাছে কেউ নিরাপদ নয়। অথচ বিএনপির আমলে সব ধর্মের মানুষ একই ছাতার নিচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করেছে। দেশের এ অবস্থার পরিবর্তনের জন্য শুধু বিএনপি নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মামুন হাসান, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের সদস্যসচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।
