মোটরসাইকেলের সঙ্গে রিকশার ধাক্কা লাগায় রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছেন এক প্রকৌশলী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকিষ বাতান এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালক হলেন উপজেলার ছোট লতিফপুর এলাকার নছিম উদ্দিনের ছেলে মো. হান্নান (৩২)। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এলজিইডির উপসহকারী প্রকৌশলী সেলিম হোসেন একটি মোটরসাইকেল নিয়ে লতিফপুর থেকে সফিপুর এলাকায় একটি কাজ পরিদর্শন করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মকিষ বাতান বটতলা পৌঁছালে হান্নানের রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি একদিকে পড়ে যায়। এতে উপসহকারী প্রকৌশলী সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে পাশের একটি দোকান থেকে হাতুড়ি নিয়ে রিকশাচালককে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।
জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, ‘আমি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই রিকশা তার মোটরসাইকেলের সঙ্গে লাগিয়ে দেয়। এতে আমি পড়ে গিয়ে ব্যথা পাই। তাই রাগের মাথায় পাশের দোকান থেকে হাতুড়ি নিয়ে তাকে পিটিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। তার চিকিৎসার যা খরচ লাগে, আমি দেব।’
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে রিকশাটি উদ্ধার করা হয়েছে এবং রিকশাচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
