রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি: রাশিয়ার দখলে সিভিয়েরোদোনেৎস্ক

আপডেট : ২১ জুন ২০২২, ০৩:০৪ পিএম

রবিবার সিভিয়েরোদোনেৎস্কের শহরতলি মেটিওলকিন দখল করেছিল রাশিয়ার সেনারা। এরপর সোমবার তারা ঢুকে পড়ল মূল শহরে। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। সিভিয়েরোদোনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে। কারখানার ভেতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত তিনশ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছে ইউক্রেনের সেনারা।

এর আগে মারিওপোলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল। শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছে রাশিয়ার সেনারা। সিভিয়েরোদোনেৎস্কে মারিওপোলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

ইইউ-র সদস্যপদ পাচ্ছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আইহোর ঝোভকা জানিয়েছেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়া অনেকটাই এগিয়েছে। তাদের আশা, রেকর্ড সময়ে তারা এই সদস্যপদ পাবে। বস্তুত, সম্প্রতি জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, দ্রুত ইউক্রেনকে ইইউ-র সদস্যপদ দেওয়ার বিষয়ে তারা আশাবাদী। ইউক্রেন এই পদ পেলে সকলের সুবিধা হবে বলে জানিয়েছেন ঝোভকা।

 

ইউক্রেনের বহু অফিসার নিহত: রাশিয়া

রবিবার ইউক্রেনের একটি কম্যান্ড পোস্টে আক্রমণ চালায় রাশিয়ার সেনারা। ওই সময় কম্যান্ড পোস্টটিতে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসার। আক্রমণে তারা সকলেই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি। রবিবার বিবৃতি দিয়ে রাশিয়া জানিয়েছে, অন্তত ৫০ জন জেনারেল এবং অফিসারের মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

 

ঐতিহাসিক সপ্তাহ: জেলেনস্কি

রবিবার রাতে দৈনিক ভিডিও বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার থেকে এক ঐতিহাসিক সপ্তাহ শুরু হতে চলেছে। ১৯৯১ সালে সোভিয়েতের পতনের পর থেকে এমন সময়ের সাক্ষী কম সময়েই থেকেছেন ইউক্রেনের জনগণ।

জেলেনস্কি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে। ব্রাসেলস এই সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানিয়েছেন।

গত সপ্তাহে ইউক্রেনে গিয়েছিলেন জার্মানি, ইটালি, ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা। সাংবাদিক বৈঠকে তারা জেলেনস্কিকে জানিয়ে এসেছিলেন, দ্রুত ইউক্রেনকে ইইউ-র অংশ করার প্রক্রিয়া শুরু হবে। তবে এর জন্য যথেষ্ট সময় লাগবে বলেও জানিয়েছিলেন তারা। রবিবার জেলেনস্কি জানিয়ছেন, চলতি সপ্তাহেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে পারে।

দীর্ঘদিন ধরেই ইউক্রেন এর জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তার বক্তব্য, ইইউ নিজের স্বার্থেই ইউক্রেনকে তাদের অংশ করতে চাইছে। তবে ইইউ এই সিদ্ধান্ত নিলে রাশিয়া আক্রমণ আরো বাড়াবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

 

আরো অস্ত্র

ইউক্রেন জানিয়েছে, রাশিয়াকে মোকাবিলা করার জন্য তাদের আরো অস্ত্রের প্রয়োজন। পশ্চিমা দেশগুলোর কাছে তারা আরো অস্ত্র চেয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, খারকিভের কাছে আবার সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। নতুন করে তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জেলেনস্কির আশঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত