এবার ব‌রিশা‌লে যমজ তিন বোন স্বপ্ন-পদ্মা-সেতুর জন্ম

আপডেট : ২৩ জুন ২০২২, ০২:৫৩ পিএম

এবারে বরিশালে তিন কন‌্যা নবজাত‌কের নামকরণ করা হয়েছে স্বপ্ন-পদ্মা ও সেতু।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউদ্দিন জাহাঙ্গীর সড়কস্থ ডা. মোখ‌লেছুর রহমান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টা‌রে এই তিন কন্যা সন্তানের জন্ম হয়।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২১) বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন কন্যা সন্তান।

নবজাতকদের বাবা বাবু সিকদার বলেন, পদ্মাসেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি পদ্মা সেতু পেয়েও আমরা দক্ষিণাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন যেন সন্তানদের নাম রাখি স্বপ্নের পদ্মা সেতু।

অবশেষে তিন সন্তানের নাম রাখলাম স্বপ্ন-পদ্মা ও সেতু। তারা যেন বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করে এই কামনা করছি।

ডা. মুন্সী মুবিনুল হক বলেন, সদ্য ভূমিষ্ঠ শিশুদের মধ্যে দুজনের ওজন দেড় কেজি এবং একজনের ওপর এক কেজি ৪শত গ্রাম। আশা করি মা ও তার তিন সন্তান সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত