আমি হৃদয়ের গভীর থেকে আবেগ বোধ করছি: মাসুদ হাসান উজ্জ্বল

আপডেট : ২৫ জুন ২০২২, ০৪:৪১ পিএম

প্রমত্তা পদ্মা নদীর ওপর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।

নন্দিত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘নিজেকে মাঝে মাঝে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি মনে হয়। রাষ্ট্র এবং সমাজের অসংগতি তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য দেওয়াই যেন আমার কাজ! সাধারণত যে বিষয়ে সবাই মিলে এক সাথে কথা বলে, আমি সে প্রসঙ্গ এড়িয়েই চলি, মনে হয় সব কথা সবাই বলে ফেলেছে , আমি আর কি ই বা বলব!

কিন্তু পদ্মা সেতু নিয়ে দু’লাইন না লিখলে রীতিমতো বেঈমানি হয়ে যায়। কেবল সমালোচনা করব, প্রশংসা করবার মতো ঘটনা ঘটলে মুখে কুলুপ এঁটে বসে থাকব, অতটা একপেশে মানুষ আমি নই। যেহেতু আমার দাদা বাড়ি গোপালগঞ্জ, জন্ম এবং বেড়ে ওঠা খুলনাতে, আমি জানি এই সেতু আমাদের জন্য কী! এবং এই সেতু নির্মাণের চ্যালেঞ্জ সংক্রান্ত যা কিছু জানতে পেরেছি, তাতে মনে হয়েছে একটা মানুষ কতখানি দৃঢ়প্রতিজ্ঞ হলে এমন একটা অসম্ভবকে সম্ভব করে ছাড়তে পারেন! কেবল এই সাহস এবং দৃঢ়তার জন্য সম্মানিত প্রধানমন্ত্রীকে আমি সেলাম আর কৃতজ্ঞতা জানাই। তার আশেপাশে দুর্নীতিগ্রস্ত মানুষ এবং চাটুকারের ছড়াছড়ি, একারণেই তার উচ্ছ্বসিত প্রশংসা করতেও অ:স্বস্তি হয়।

ঈশ্বরের অশেষ কৃপায় পদ্মা সেতু নিয়ে কোন গান আমি বাঁধতে পারি নাই! কোন গান না বেঁধে এবং আবেগে কেঁদে না ফেলে বলতে চাই, আমি হৃদয়ের গভীর থেকে আবেগ বোধ করছি- একটা প্রায় অসম্ভব ইঞ্জিনিয়ারিং সমাধান দিয়ে এমন একটা সেতু নির্মাণ করে দেখানো যেন তেন কোন কথা নয়। যাই হোক একটা কুমিরের খামারের মাঝখানে মাংস হাতে বসে থাকলে যে দশা হয় আমাদের প্রধানমন্ত্রীও এমন পরিস্থিতিতেই থাকেন বলে আমার মনে হয়। এতো রকমের প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে সফলভাবে এই সেতু নির্মাণ এবং উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত