বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২, ডায়রিয়ার প্রকোপ

আপডেট : ২৫ জুন ২০২২, ০৮:৪০ পিএম

দেশে সাম্প্রতিক বন্যায় সর্বশেষ এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যাকবলিত জেলাগুলোতে বন্যাজনিত মৃত্যুর সংখ্যা ৮২ জনে দাঁড়িয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম জানিয়েছে, ১৭ মে থেকে আজ ২৫ জুন পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর জেলায় ৮২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫১ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২৭ জন। রংপুর বিভাগে ৪ জন।

জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জ জেলায়। এই জেলায় মারা গেছে ২৬ জন। এরপর বেশি মারা গেছে সিলেট জেলায়। সিলেট জেলায় মারা গেছে ১৮ জন। এসব জেলায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে ও বজ্রপাতে।

অন্যদিকে, নেত্রকোনা ও জামালপুরে মৃত্যু হয়েছে নয়জনের। ময়মনসিংহে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এছাড়াও শেরপুরে চারজন, কুড়িগ্রামে তিনজন ও লালমনিরহাটে একজন মারা গেছেন।

এই বিভাগগুলোতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত ডায়রিয়াজনিত কোনো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ৪ হাজার ৬১৬ জন আক্রান্ত থাকলেও শনিবার তা বেড়ে ৫ হাজার ২০২ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়, ১৭ মে থেকে ২৫ জুন দুপুর পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৪ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত