পাঁচ দিন পর করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। একই সময়ে দেশে ২ হাজার ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৩। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৪৭।
আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৭ জনের। করোনায় মৃত্যু হয়েছিল তিনজনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ২ হাজার ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ১ হাজার ৯৬৮ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে ১ হাজার ৮১৪ জনই মহানগরসহ ঢাকা জেলার। বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ১৪৫, খুলনায় ৩৭, রাজশাহীতে ৩১, ময়মনসিংহে ২৫, বরিশালে ২৪ ও সিলেটে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সরকারের করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম বর্জন করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া ধর্মীয় প্রার্থনার স্থানে (যেমন মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
