প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির কার্যক্রম শুরু

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:০৯ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির (পাইলটিং) কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে নেওয়া সরকারের পদক্ষেপ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মূল শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘বদলি প্রক্রিয়ায় হয়রানি বন্ধে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে অনলাইনে আবেদন, অনলাইনেই নিষ্পত্তি হবে। বদলি ভোগান্তি থাকবে না। শিক্ষকদের বদলি হওয়ার জন্য কোথাও ঘোরাঘুরি করতে হবে না।’  গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত