হিলিতে আবারও ভারত থেকে পুরোনো এলসির গম আমদানি শুরু

আপডেট : ৩০ জুন ২০২২, ০৪:২২ পিএম

টানা ৭ দিন বন্ধের পর আবারও পুরোনো এলসির বিপরীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।

এ দিকে দীর্ঘদিন ধরে ভারতে ট্রাক আটকা থাকায় গমের মান নষ্ট হয়ে লোকসানের আশঙ্কায় পড়েছেন আমদানিকারকরা। অতি দ্রুত ভারতে আটকে থাকা সকল গম রপ্তানির দাবি জানিয়েছেন তারা।

ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল ঠাকুর বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে ১৩ মে থেকে উন্মুক্তভাবে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ রয়েছে।

তবে ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক কর্তৃপক্ষ (ডিজিএফটি) ১২ মের মধ্যে হওয়া এলসিগুলো যাচাই-বাছাই করে তারা যাদেরকে অনুমোদন দিচ্ছেন শুধুমাত্র তাদের গমগুলো রপ্তানি করা হচ্ছে।

অনুমোদন না পাওয়ায় কয়েক দিন গম রপ্তানি বন্ধ ছিল। তবে নতুন করে আবারও অনুমতি দেওয়ায় গতকাল বুধবার ১৬ ট্রাকে ৬১২ টন গম বাংলাদেশে রপ্তানি করা হয়েছে।

আরও কিছু গমের অনুমোদন রয়েছে যার কারণে আজ বৃহস্পতিবার রপ্তানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে থেকে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এর ফলে এর পর থেকে বন্দর দিয়ে গম রপ্তানি বন্ধ হয়ে যায় যার কারণে ভারতে আটকা পড়ে যায় বেশ কিছু আমদানিকারকের বিপুল পরিমাণ গম।

পরবর্তীতে কয়েক দফা বন্ধ ও চালু করে পূর্বের টেন্ডারকৃত গমগুলো রপ্তানি করে ভারত। পরে ১২ মে পর্যন্ত হওয়া এলসির সকল গম রপ্তানির আশ্বাস দিলেও বেশ কিছুদিন বন্ধের পর অনুমোদন সাপেক্ষে কিছু কিছু করে গম রপ্তানি করছে ভারত।

অনুমতি না দেওয়ায় গত ৭ দিন ধরে গম আমদানি বন্ধ ছিল পরে আবারও অনুমতি মেলায় গতকাল থেকে গম আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ৮ ট্রাক গম আমদানি হয়েছে। বন্দর দিয়ে পুনরায় গম আমদানির ফলে সরকারের রাজস্ব আহরণ বাড়ার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ তাদের দৈনন্দিন আয় বাড়বে।

একই সাথে কাজ বাড়ায় বন্দরে কর্মরত শ্রমিকদের আয় বাড়বে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত