বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের অপশাসনে আজকে সমাজে মারাত্মক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। সাভারে এক ছাত্র তার শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অথচ সেদিকে সরকারের নজর নেই।’
গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন ‘সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাপীড়িত মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, বেঁচে থাকার লড়াই করছে। অথচ আজকে সংসদে রাষ্ট্রের টাকা খরচ করে একজন শিল্পীর গান শোনা রীতিমতো মানবতার প্রতি অবমাননার শামিল। শিল্পীর মুখে নিজের বন্দনা শুনে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী পুলকিত হলেও জনগণ হয়েছেন লজ্জিত।’
তিনি বলেন, ‘বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্পর্কে মিথ্যাচারই নিশিরাতের সরকারের মন্ত্রী-এমপি হওয়ার একমাত্র যোগ্যতা। বিনা ভোটে এমপি হওয়ার পর এখন মমতাজ-নিক্সনদের মন্ত্রী হওয়ার খায়েশ জেগেছে। কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রাষ্ট্রীয় টাকা খরচ করে সংসদে বসে এমন পাগলামি-খিস্তিখেউর অব্যাহত থাকলে সেদিন আর বেশি দূরে নয়, জনরোষ থেকে বাঁচতে পুরো নিশিরাতের সরকারকেই জনচক্ষুর অন্তরালে চলে যেতে হতে পারে।’
