রতন সিদ্দিকীর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিপিবির

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০২:২০ এএম

শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার ড. রতন সিদ্দিকীর বাসায় সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে রতন সিদ্দিকীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠনটি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রতন সিদ্দিকীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে। গতকাল শনিবার দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান।

সিপিবির শীর্ষ নেতারা বলেন, সারা দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। সরকারের তাতে কোনো ভ্রƒক্ষেপ নেই। নানা অছিলায় সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষের সহজ-সরলতাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তারা আরও বলেন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। বিবৃতিতে নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক দেশবাসীকে এসব অপশক্তির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত