সিরাজগঞ্জে শিক্ষকের বাড়িতে বোমা আতঙ্ক, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৫:২৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দক্ষিণ পাড়া গ্রামের কলেজশিক্ষক গফুর হোসেনের বাড়িতে বোমা রাখার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

ওই বাড়ির সবাইকে নিরাপদে সরিয়ে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সিআইডির একটি টিম বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।

বাড়ির মালিক শাহজাদপুর ঘোরশাল সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক মো. গফুর হোসেন জানান, রোববার রাতে তাকে একজন ফোন করে বলেন, 'তোর খাবার ঘরের মিটসেফের নিচে অস্ত্র রয়েছে। পরে তোর সঙ্গে কথা হবে'।

তিনি বলেন, এরপর সকালে ফোনে বলে 'তোর ঘরে টাইম বোমা আছে'। আমি দ্রুত বাড়ি গিয়ে দেখি কার্টনের মধ্যে তার আর টেপ মোড়ানো লম্বাটে বস্তু। সোমবার দুপুরে থানা পুলিশকে অবহিত করি। এরপর তারা বোমাটি উদ্ধারের জন্য আসে।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল আসছে। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত