ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরমান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পানিশ্বর বাজারে এ ঘটনা ঘটে। আরমান ওই এলাকার এলাই মিয়ার ছেলে। তার পানিশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
অন্যদিকে আহত শিক্ষার্থী আঁখিকে (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, বাজারের একটি ভবনে এক ইংরেজি শিক্ষক প্রাইভেট পড়ান। সাড়ে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী ভবনের ছাদ খোলা দেখে সেখানে যায়। এ সময় ছাদের ওপরে বিদ্যুৎস্পৃষ্ট হয় আঁখি। খবর পেয়ে নিচতলা থেকে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ছাদে যায় আরমান। আঁখিকে উদ্ধার করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
