সুন্দরভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:৫৯ পিএম

বাংলাদেশের মানুষ সবাই সুন্দরভাবে বাঁচতে পারবে সেই সুযোগটা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজকে আমরা প্রত্যেকটা বাড়িতে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, এমনকি আমাদের দ্বীপ অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যেমন ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছি, পাশাপাশি বিদ্যুৎও পৌঁছে দিয়ে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। এছাড়া রাস্তা-ঘাট, পুল-ব্রিজ ব্যাপকভাবে নির্মাণ করে সেটা উন্নত করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আটতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন শেখ হাসিনা। এ সময় তিনি ‘সারা বিশ্বে বঙ্গবন্ধু কর্নার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সব সময় আমরা শান্তি চাই। জাতির পিতা আমাদের শিখিয়েছেন আমাদের পররাষ্ট্র নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরীতা নয় এবং সেই নীতিটা যথাযথভাবে আমি মেনে চলি, আমাদের রাষ্ট্র মেনে চলে। কারণ আমি সব সময় বিশ্বাস করি, আমার দেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করতে হবে। তাদের জীবনের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদেরকে উন্নত জীবন দিতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ একটি ব-দ্বীপ, প্রতি নিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চলতে হয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সব সময় এই দেশ ঝুঁকিতে থাকে। কাজে এ দেশের মানুষগুলোকে একটু সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেওয়া, তাদের জীবনটাকে অর্থবহ করে দেওয়া—এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, ২৫ জুন আমরা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছি যেটা দক্ষিণ অঞ্চলের ২১টা জেলার মানুষ আর্থ-সামাজিকভাবে নিজেদের জীবনকে উন্নত করতে সক্ষম হবে। ৯৬ সালে ক্ষমতায় এসে ৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণ করে উত্তরবঙ্গ থেকে সম্পূর্ণ দুর্ভিক্ষ দূর করেছিলাম, মঙ্গা দূর করেছিলাম আর এবার দক্ষিণ অঞ্চল সংযুক্ত করার ফলে এ অঞ্চলের উন্নতি হবে। বাংলাদেশের মানুষ সবাই সুন্দরভাবে বাঁচতে পারবে সেই সুযোগটা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে, এ নিষেধাজ্ঞা দেওয়ার ফলে আমাদের পণ্য প্রাপ্তিতে বা যেগুলো আমরা আমদানি করি, সেখানে বিরাট বাধা আসছে। আমেরিকার এটা বিবেচনা করা উচিত, তারা যে নিষেধাজ্ঞা দিচ্ছে, তাতে তাদের দেশের লোকেরাও যে কষ্ট পাচ্ছে, সেদিকেও তাদের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছেন, তাদের আপনারা ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন। কিন্তু, তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দেশের সাধারণ মানুষ।

শেখ হাসিনা বলেন, যুদ্ধ এবং এ সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

করোনা ও যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক দুরবস্থা চলছে, তা মোকাবিলায় সরকার দেশের নিজস্ব উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তবে, দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য সার, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের সরবরাহ পরিস্থিতি উন্নত করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কূটনীতিতে বিশেষ অবদান রাখায় পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’-এ ভূষিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত