দুই হাজার বানভাসি কৃষক পেল কৃষি ক্যাডারদের সাহায্য

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৩:০৩ পিএম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৭ জুলাই) সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে প্রায় দুই হাজার বানভাসি কৃষকদের মাঝে শাক-সবজির বীজ ও খাবার বিতরণ করা হয়।

কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নিরলস কাজ এ অধিদপ্তরের দায়িত্বের মাঝে পড়ে। এ ছাড়া প্রতিবছরই বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় তারা। তবে এবার বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে অধিদপ্তর।

সাম্প্রতিক সময়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ অন্যান্য অঞ্চলের মানুষ বিশেষ করে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন্যার্ত মানুষদের মাঝে খাদ্য ও বিশেষ করে কৃষকদের ফসল উৎপাদনের মূল উপকরণ বীজ সহায়তার দেয়ার উদ্যোগ গ্রহণ করে।

বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বানভাসি মানুষদের মাঝে সাহায্য বিতরণে নেতৃত্ব দেন অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং সিলেটের গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বন্যার্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি সাহসের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলা করে পরবর্তী কৃষি কর্মকাণ্ড শুরু করার জন্য কৃষকদের অনুপ্রেরণা জোগান।

বন্যা পরবর্তী সময়ে খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণে স্বল্প মেয়াদি শাকসবজি যেমন; লাল শাক, ডাটা শাক, মুলা শাক আবাদ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন কৃষিবিদ বেনজীর। পাশাপাশি ঈদ উপলক্ষে চাল, ডাল, চিনি, সেমাই প্রভৃতি শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর কার্যালয়, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত