যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সাহস থাকলে পশ্চিমা বিশ্বকে এ ব্যাপারে চেষ্টা চালিয়ে দেখতে বলেছেন তিনি। গত বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেছেন।
বৈঠকে পুতিন বলেন, মস্কো এখনো শান্তি আলোচনার পথ খোলা রেখেছে। সংঘাত যত দীর্ঘ হবে, যেকোনো আলোচনার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসবে। পশ্চিমা বিশ্বের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, ‘এখন আমরা শুনছি তারা যুদ্ধক্ষেত্রে আমাদের পরাজিত করতে চায়। আপনারা এখানে কী বলতে পারেন? তাদের চেষ্টা করতে দিন।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকবারই শুনেছি যে পশ্চিমারা চায় ইউক্রেনে সর্বশেষ মানুষটি জীবিত থাকা পর্যন্ত লড়াই চলুক। এটি ইউক্রেনীয় জনগণের জন্য কষ্টের বিষয়। তবে দেখে মনে হচ্ছে সবকিছু সে পথেই এগোচ্ছে।’
