পাঁচ জেলায় তাপপ্রবাহ, পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৩:১৯ পিএম

দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে আজ সোমবার পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; পাশাপাশি ছয়টি বিভাগে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আর তৃতীয় সর্বোচ্চ দিনাজপুরে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় ৩৬.০ ডিগ্রি, ঢাকায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট ও পটুয়াখালীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে ৩৩ মিলিমিটার, হাতিয়া ও নিকলিতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ সোমবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিং ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত