কেরানীগঞ্জে হাটের বর্জ্য ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০১:২৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কোরবানি পশুর অস্থায়ী হাট শেষে হাটগুলোর বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি বুড়িগঙ্গা নদীতে।

এতে করে বাড়ছে নদী দূষণ, নষ্ট হচ্ছে নদী ও চারপাশের পরিবেশ। কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় কেরানীগঞ্জের জিনজিরা হাসনাবাদ ও আগানগর হাটের ময়লা প্রতিবছরই এইভাবে সরাসরি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন অস্থায়ী হাটের ইজারাদাররা।

সরেজমিন কেরানীগঞ্জের বুড়িগঙ্গা তীরের জিনজিরা থেকে হাসনাবাদ পর্যন্ত গিয়ে দেখা যায়, হাটের বর্জ্য পড়ে আছে নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় এবং নদীর পানিতেও ভাসছে হাটের বিভিন্ন ধরনের বর্জ্য। এতে অনেক জায়গায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। বর্জ্য এভাবে ফেলে রাখার কারণে একদিকে যেমন নদী পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে তেমনি দুর্ভোগে পড়ছে পুরো এলাকাবাসী।

হাটের বর্জ্যে নদীর তীরে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। কিছুদিন আগেই বর্ষায় পানি পরিবর্তন হতে শুরু করেছিল। প্রাণ ফিরে পেয়েছিল বুড়িগঙ্গা। হাটের বর্জ্য ফেলে আবারও যেন নষ্ট করা হচ্ছে বুড়িগঙ্গার পানিকে।

বুড়িগঙ্গার কেরানীগঞ্জ তীরের একাধিক খেয়া ঘাটের কয়েকজন মাঝিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছরই হাট শেষে এভাবে নদীতে হাটের ময়লা পড়ে থাকে, এতে করে দুর্গন্ধে দুর্ভোগে পড়তে হয় মাঝি ও নদী দিয়ে পারাপার হওয়া যাত্রীদের।

নৌকা দিয়ে পারাপার হওয়া মো. আলম নামে এক যাত্রী জানান, প্রতি বছরই এমনটা দেখি। হাটের পরে কিছু বর্জ্য পড়ে থাকে নদীতে। ইজারাদারদের এমনটা করা উচিত না। কারণ বুড়িগঙ্গা আমাদের ঢাকার প্রাণ। এই বর্জ্যগুলো নদীতে না ফেলে নির্দিষ্ট একটা স্থানে ফেলে পুড়িয়ে ফেললে পরিবেশ সুন্দর থাকত। আমাদেরও দুর্ভোগ হতো না।

মো. সালাম নামে অপর একজন জানান, আসলে ইজারদারদের কোনো জবাবদিহিতা না থাকায় তারা যা খুশি তা করেন। প্রশাসন যদি এ বিষয়ে একটু কঠোর হতো আর ইজাদাররা যদি একটু সচেতন হতো তাহলে রক্ষা পেত আমাদের বুড়িগঙ্গা। এমনিতেই বুড়িগঙ্গা নদীর পরিবেশ এখন হুমকির মুখে। একটু একটু করে নষ্ট হচ্ছে বুড়িগঙ্গা। তার উপর হাট আসলে যেন বুড়িগঙ্গার পরিবেশ আরও খারাপ হয়ে যায়।

এ বিষয়ে কথা হলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, হাট কেন নদী বা নদীর তীরে কোনো ধরনের ময়লা ফেলার সুযোগ কারও নেই। অস্থায়ী হাটের ময়লা নদীর তীরে ফেলানো হচ্ছে বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এখনই আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত