যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’র আমন্ত্রণে অংশ নিতে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী এবং ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১০টায় (বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা) তারা গান শোনাবেন। অনুষ্ঠানটি আগামী’র ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচার হবে।
২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত অলাভজনক সংগঠন হিসেবে কাজ করছে আগামী এডুকেশন ফাউন্ডেশন। তাদের অর্থায়নে বাংলাদেশে ২০টি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালিত হচ্ছে। মূলত স্কুল পরিচালনার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগঠনটি।
আগামী’র ডিরেক্টরস অব অপারেশনস মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের সংগঠনটি অলাভজনক একটি সংগঠন। এখানে আমরা সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। আমেরিকাতে এটি ২০০৩ সাল থেকে নিবন্ধিত হয়ে কাজ করছে। বাংলাদেশের ২০টি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালনার জন্য আমরা অর্থায়ন করি। এর বাইরেও বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত হয়ে শিক্ষার বিস্তারে কাজ করছি। স্কুল পরিচালনার অর্থ সংগ্রহের জন্য প্রতিবছরই আমেরিকায় অনুষ্ঠান আয়োজন করা হয়। করোনা মহামারির কারণে বিগত দুই বছর ধরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
