পালিয়ে সিঙ্গাপুর যাওয়ার পর গোতাবায়ার পদত্যাগপত্র

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১০:০৬ পিএম

দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুর যাওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ইমেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার এ পদত্যাগপত্র পাঠানো হয়। তারা দুজন সরকারি কর্মকর্তার সূত্রে এ তথ্য জানায়। 

তবে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানায় বুধবার তিনি দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইল করেন। আর শুক্রবার তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, বুধবার সন্ধ্যায় স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে পাঠানো পদত্যাগপত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যদিও গোতাবায়া স্পিকারের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতে শ্রীলংকার পার্লামেন্ট স্পিকারের কাছে ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান ওই কর্মকর্তারা।

তবে তারা বলছেন, গোটাবায়া সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই ইমেইলের মাধ্যমে তার পাঠানো চিঠি এই পদ্ধতিতে গ্রহণযোগ্য হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এর আগে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছিলেন, তার সঙ্গে প্রেসিডেন্ট গোতাবায়ার টেলিফোনে কথা হয়েছে। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। গোতাবায়া তাকে বলেছেন, তার অবর্তমানে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। তিনি এ বিষয়ে গেজেটও জারি করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত