টানা ষষ্ঠবার উইম্বলডন জিতে গ্র্যান্ডসø্যাম শিরোপা সংখ্যা ২১-এ নিয়ে গেছেন নোভাক জকোভিচ। ইউএস ওপেন জিতলে রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলবেন। তবে ১৯ আগস্ট থেকে শুরু টুর্নামেন্টটিতে তার খেলা নিয়েই জেগেছে সংশয়। করোনাভাইরাসের টিকা না নেওয়াদের যুক্তরাষ্ট্রে যাওয়ারই অনুমতি নেই। জকোও সেই তালিকায়। এমন অবস্থায় টেক্সাসের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার জকোভিচকে যুক্তরাষ্ট্রে খেলার অনুমতি দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ করেছেন।
সম্প্রতি এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদের দেশটিতে ঢুকতে হলে কভিড-১৯ প্রতিষেধক টিকা নিতে হবে এবং বিমানে ওঠার আগে এর প্রমাণপত্রও দিতে হবে। সিনেটর ড্রিউ বলেছেন, ‘ইউএস ওপেন খেলতে নোভাক জকোভিচের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছেন বাইডেন। কিন্তু তিনি লাখ লাখ অবৈধ, টিকা না নেওয়া মানুষকে সীমান্ত অতিক্রমের অনুমতি দিচ্ছেন।’
