বগুড়ায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:৫৭ পিএম

বগুড়ায় প্রাইভেটকার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী ও তার ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

শনিবার সাড়ে ৮টার দিকে জেলার কাহালু উপজেলার দরগাহাট এলাকার বগুড়া-নওগাঁ মহাসড়কে সজল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

আহত একজন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের তনছের আলী (৬০) ও তার ছেলে টগর আলী (৩৫), একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান বিজয় (৩৫) এবং প্রাইভেট কার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত তনছের আলী নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, তনছের আলী ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেটকারযোগে তারা নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিলেন। কাহালুর দরগাহহাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো- গ- ২৩-১৭১৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তনছের আলী, তার ছেলে টগর এবং প্রাইভেটকার চালক সুমন। পরে আহত শাকিল ও আব্দুর রহমান বিজয়কে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আব্দুর রহমান বিজয়ের মৃত্যু হয়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, এ ঘটনায় ঘটনাস্থলে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাদের আটক করা যায়নি, ট্রাক জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত